শুরু হলো ৫ দিনের ‘ডিজিটাল আইসিটি ফেয়ার’

১০ অক্টোবর, ২০১৯ ১৫:০৮  
রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডস্থ কম্পিউটার সিটি সেন্টারে (মাল্টিপ্ল্যান) শুরু হয়েছে ৫ দিনব্যাপী ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১৯। বৃহস্পতিবার (১০ অক্টোবর) ওই সেন্টারে ডিজিটাল আইসিটি ফেয়ারের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। উদ্বোধনী অনুষ্ঠানে মোস্তাফা জব্বার বলেন, দেশে একটা সময় ইন্টারনেট ব্যবহারকারী ছিল খুবই কম এখন তা বেড়ে ১০ কোটি। ১৬ কোটি মানুষের কাছে প্রায় ১৬ কোটি মোবাইল সিম। আমরাই ডিজিটাল শব্দ ব্যবহার করি সবার আগে। তিনি আরো বলেন, ফেসবুক আমাদের সাথে বসেছে তারা খুব তারাতারি দেশে প্রতিনিধি নিয়োগ দিবে। আমি তাদের বলেছি যে কোন মূল্যে আগে আমার দেশের স্বার্থ দেখতে হবে। অনুষ্ঠানে মেলা কমিটির আহ্বায়ক তৌফিক এ এহসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র পরিচালক আবু মোতালেব, হাফেজ হারুন, মনিরুল ইসলাম জুয়েল, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক জহিরুল হক ভূঁইয়া, কম্পিউটার সিটি সেন্টারের সাধারণ সম্পাদক সুব্রত সরকার, স্থানীয় কাউন্সিলর জসিম উদ্দিন। মেলা কমিটির আহ্বায়ক তৌফিক বলেন, দেশের সর্বস্তরের মানুষের মধ্যে কম্পিউটার ও তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহার এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষেই এ মেলার আয়োজন করা। আয়োজকরা জানান, মেলায় বাংলাদেশের শীর্ষ আইসিটি পণ্য আমদানিকারক ও ব্যবসায়ীরা বিশ্বের মানসম্পন্ন ব্র্যান্ডের আধুনিক প্রযুক্তি প্রদর্শন করবে। প্রতিবছরের ন্যায় এবারও বিশেষ আয়োজন হিসেবে থাকবে শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ফ্রি গেমিং ও ইন্টারনেট ব্রাউজিং প্রভৃতি সুবিধা। মেলায় স্কুল-কলেজের শিক্ষার্থী প্রবেশাধিকার উন্মুক্ত করা হয়েছে। ডিজিটাল আইসিটি ফেয়ারে গো ডিজিটালি মেক ইয়োর লাইফ হ্যাসল ফ্রি স্লোগানে ১০ম বারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এ মেলা চলবে সোমবার (১৪ অক্টোবর) পর্যন্ত।